নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে ট্রেন দুটি চালুর প্রস্তাব অনুমোদন করেছে রেলপথ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানান। গত ৪ নভেম্বর এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে এবং রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
ট্রেন দুটি উভয় পথে দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।
আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটি উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তাঁর উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে ট্রেন দুটি চালু করা হচ্ছে। এর মাধ্যমে ঢাকা ও পাবনার মধ্যে আন্তঃনগর রেল যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে।