স্টাফ রিপোর্টার:
রাজধানীর মতিঝিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লা স্থানান্তর কেন্দ্রে পরিচ্ছন্নতাকর্মীর সর্দার মোঃ আল আমিনকে বাঁশ ও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে চার পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে। গত ২১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারসংলগ্ন ময়লা স্থানান্তর কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আলাউদ্দিন, মোঃ সহিদ মিয়া, মোঃ ইউনুছ ও মোঃ শুকুর আলীর বিরুদ্ধে মতিঝিল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আল আমিন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ আল আমিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২, ৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন মতিঝিল থানার সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারসংলগ্ন ময়লা স্থানান্তর কেন্দ্রে পরিচ্ছন্নতাকর্মীর সর্দার হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত চারজনও একই স্থানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত।
আল আমিনের অভিযোগ, তাঁকে চাকরি থেকে সরিয়ে ওই পদে অন্য কাউকে নিয়োগ দেওয়ার জন্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র ও পাঁয়তারা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে টাকার জন্য তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে বাঁশ ও কাঠের লাঠি দিয়ে আল আমিনকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়। হামলার একপর্যায়ে তিনি মেঝেতে পড়ে যান। পরে অভিযুক্তরা ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাঁকে ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তরা চলে যাওয়ার পর আহত অবস্থায় আল আমিন সেখান থেকে বের হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন বলে জানিয়েছেন।
এদিকে, স্থানীয়ভাবে আরও অভিযোগ পাওয়া গেছে, অভিযুক্ত আলাউদ্দিন শহীদ বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার ও দলপুর সিটি পল্লী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী আল আমিনের আরও অভিযোগ, সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট এলাকায় প্রভাব বিস্তার করে কিছু ব্যক্তি সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়ে নগর ভবনের কার্যক্রম ও সংশ্লিষ্ট স্থাপনায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। তাঁর দাবি, ১৪ নম্বর এলাকায় মাদক ব্যবসা, নারী ব্যবসা এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের কোয়ার্টার কেনাবেচাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
আল আমিনের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করা হচ্ছে। অতীতে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আদায় এবং বর্তমানে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও তুলেছেন তিনি। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী।
আল আমিন আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে পুলিশের শটগানের গুলিতে তিনি আহত হন। তাঁর দাবি, পুলিশের শটগানের আঘাত তাঁর মাথায় লাগে এবং তিনি গুলিবিদ্ধও হন। এ বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসার কাগজপত্র ও অন্যান্য প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় মতিঝিল থানার অফিসার ইনচার্জের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। একই সঙ্গে অভিযুক্ত আলাউদ্দিন, মোঃ সহিদ মিয়া, মোঃ ইউনুছ ও মোঃ শুকুর আলীর বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী আল আমিনের দাবি, তাঁর ওপর হামলার ঘটনায় জড়িতদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগের ধরন অনুযায়ী সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের নামে অর্থ আদায়, কোয়ার্টার বেচাকেনা এবং এলাকায় সংঘটিত কথিত অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তিনি।