মোহাম্মদ হোসেন সুমন:
‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে উদযাপিত হচ্ছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সমবায় পণ্য মেলার আয়োজন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-২১-এর সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজ্জেদুর রহমান এবং কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সমবায় আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা এবং তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সমবায়ভিত্তিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সংশ্লিষ্টদের মতে, সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের কার্যকর মাধ্যম হচ্ছে সমবায়। ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, উৎপাদক ও সাধারণ মানুষকে সংগঠিত করে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সমবায় পণ্য মেলার মাধ্যমে স্থানীয় সমবায় সমিতি ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন, বিপণন এবং বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা এবং সমবায়ীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আয়োজকদের প্রত্যাশা, সমবায়ের মূল চেতনা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এ ধরনের আয়োজন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।