কিশোর ওসমান হত্যা: তিন বছরেও বিচার শেষ হয়নি

মো. বেল্লাল হাওলাদার:

নোয়াখালীর চাটখিল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ১৫ বছর বয়সী স্কুলছাত্র ওসমান গণি হত্যার তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিচার শেষ হয়নি। মামলায় এখনো দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বাকি রয়েছে বলে জানিয়েছেন নিহতের মা। অন্যদিকে, হত্যা মামলার আসামি আদালতে আত্মসমর্পণের পর জামিনে মুক্ত হয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। শুধু বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নয়, আসামির চলাফেরায় নিজেদের নিরাপত্তা নিয়েও চরম আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারটি। স্কুলে যাওয়া-আসার পথে আসামিকে দেখে ভয় পাচ্ছে নিহতের বোনও। পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে আসামি এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন। প্রশ্ন উঠেছে, একজন কিশোর হত্যার বিচার পেতে একটি পরিবারকে আর কত বছর অপেক্ষা করতে হবে?

২০২৩ সালের ৯ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার ৪ নম্বর বদলকোট ইউনিয়নের মানিকপুর গ্রামের সিরাজ মিয়ার বসতঘরসংলগ্ন আঙিনায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গণি ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং স্থানীয় সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মামলার এজাহার ও প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী, প্রতিবেশী এক কিশোরের সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে ওসমানের বিরোধের সূত্রপাত হয়। খেলার একপর্যায়ে একটি ফুটবল তার পায়ের কাছে এলে সে জোরে কিক মারে। এতে বলটি পাশের একটি ভবনের ছাদে গিয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই কিশোরের বাবা মো. মন্টু (৩২) ক্ষিপ্ত হয়ে ওসমানকে কাঠের বাটাম দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে এজাহারে অভিযোগ করা হয়।

গুরুতর আহত অবস্থায় ওসমানকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলে ২০২৩ সালের ১১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা উম্মে হানি রুমা ১০ জুলাই চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার প্রাথমিক তথ্য বিবরণীতে মামলাটির নম্বর ৫৮২ উল্লেখ রয়েছে। এজাহারে অভিযুক্ত মন্টুর বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৫, ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়। পরবর্তী সময়ে আদালতের নথিতে মামলাটির দায়রা মামলা নম্বর ৯৪১/২০২৪ উল্লেখ রয়েছে।

সন্তান হত্যার বিচার পেতে দীর্ঘ অপেক্ষার কথা বলতে গিয়ে ওসমানের মা উম্মে হানি রুমা বলেন, ‘এই মামলার বিচার পেতে আমাকে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। মামলার যেসব সাক্ষী ছিলেন, তাঁদের একজনের পর একজন আদালতে হাজির করেছি। এরপরও তারিখের পর তারিখ পড়েছে। এমনকি বিচারক না থাকার কারণ দেখিয়েও আমাকে বারবার ঘুরতে হয়েছে। এখন মাত্র দুজন সাক্ষীর সাক্ষ্য বাকি রয়েছে। তাঁদের একজন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর এবং অন্যজন চিকিৎসক ডা. এম মহিউদ্দিন।’

হত্যাকাণ্ডের পেছনের কারণ তুলে ধরে তিনি বলেন, ‘আমরা যখন বাড়ি নির্মাণের কাজ শুরু করি, তখন মালামাল আনা-নেওয়ার জন্য মন্টু মিয়ার গাড়ি ঠিক করতে চেয়েছিলাম। কিন্তু ভাড়া নিয়ে দরদাম না মেলায় তাঁর গাড়ি দিয়ে কোনো মালামাল আনা-নেওয়া করাইনি। এ ঘটনায় তিনি ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলেকে হত্যা করেছেন বলে আমরা মনে করি। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। রাষ্ট্রের কাছে আমার একটাই দাবি, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই।’

তিনি আরও অভিযোগ করেন, ‘এলাকার অনেক প্রভাবশালী ব্যক্তি আসামিকে সহযোগিতা করছেন। বিশেষ করে বিপ্লব মেম্বারের ছত্রচ্ছায়ায় তিনি জামিনে থেকে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। বিপ্লব মেম্বার কেন তাঁকে এভাবে সহযোগিতা করছেন, এর পেছনে তাঁর স্বার্থ কী, সেটিও পরিষ্কার হওয়া প্রয়োজন।’

ভাই হত্যার পর শুধু মা-বাবাই নন, নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারের অন্য সদস্যরাও। নিহতের বোন জান্নাতুল মাওয়া মাশপির অভিযোগ, আসামির এলাকায় প্রকাশ্যে চলাফেরার কারণে স্কুলে যাওয়া-আসা করতেও তাঁকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে।

তিনি বলেন, ‘আমি স্কুলে যাওয়ার পথে প্রায়ই মন্টু মিয়ার সঙ্গে দেখা পাই। তিনি আমার দিকে এমন আক্রমণাত্মক দৃষ্টিতে তাকান যে, মনে হয় যেকোনো সময় আমাকে মেরে ফেলতে পারেন। তাঁকে দেখলেই আমি ভয় পেয়ে যাই। সবসময় আতঙ্কে থাকি, কখন জানি আমারও ক্ষতি করে বসেন।’

তিনি আরও অভিযোগ করেন, ‘মন্টু মিয়ার বাবা ইয়াবার সঙ্গে জড়িত, ইয়াবা বিক্রি করেন এবং মন্টু নিজেও ইয়াবা সেবন করেন। স্কুলে যেতে-আসতে ভীষণ ভয় লাগে। আমি আমার লেখাপড়া নিয়েও আতঙ্কিত। স্বাভাবিকভাবে স্কুলে যাওয়া-আসা করতে পারছি না।’

ক্ষোভ প্রকাশ করে জান্নাতুল মাওয়া মাশপি বলেন, ‘আমার ভাইকে দিনের আলোতে এভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার আসামি কীভাবে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ান? আমরা কি নিরাপদে চলাফেরা করতে পারব না? আমি আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই। আদালতের মাধ্যমে হত্যাকারীর ফাঁসি চাই।’

মামলার ৮ নম্বর সাক্ষী জিল্লুর রহমান বলেন, ‘আমি প্রায় এক বছর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছি। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও আসামির ফাঁসি দাবি করছি। মন্টু মিয়া ওসমান গণিকে হত্যা করেছেন, তা স্পষ্ট। এরপরও তিনি কীভাবে জামিনে আসেন, তা আমার বোধগম্য নয়।’

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরাও ওসমান গণি হত্যার বিচার চান। তাঁদের বক্তব্য, একজন কিশোর হত্যার মামলার আসামি কীভাবে জামিনে মুক্ত হয়ে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করেন, সেটি তাঁদের কাছে উদ্বেগের বিষয়। কী প্রক্রিয়ায় আত্মসমর্পণের পর তিনি জামিন পেয়েছেন, তা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা ও প্রশ্ন রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা এ ঘটনায় এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকার দিকেও ইঙ্গিত করেছেন। তাঁদের বক্তব্যে আসামিকে সহযোগিতা ও আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠে এসেছে। এর মধ্যে অন্যতম বিপ্লব মেম্বার।

ওসমানের বাবা মিজানুর রহমান জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। প্রবাসে থাকা অবস্থায় সন্তানের মৃত্যুর সংবাদ পাওয়া একজন বাবার জন্য কতটা অসহনীয়, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অন্যদিকে, মা উম্মে হানি রুমার বুকজুড়ে শুধু সন্তানের স্মৃতি আর বিচার পাওয়ার আকুতি। যে সন্তানকে ঘিরে ছিল তাঁর ভবিষ্যতের স্বপ্ন, যে সন্তানকে বড় করে মানুষ করার প্রত্যাশা ছিল, সেই সন্তান আজ আর কোনো দিন ফিরে আসবে না।

তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সন্তানের হত্যার বিচার না পাওয়ার অভিযোগে পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তাঁদের প্রশ্ন, মামলায় মাত্র দুজন সাক্ষীর সাক্ষ্য বাকি থাকার পরও বিচারপ্রক্রিয়া শেষ হতে এত দীর্ঘ সময় লাগছে কেন? একজন মা তাঁর সন্তান হত্যার বিচার চেয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরবেন, আর অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্ত হয়ে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করবেন—এ কেমন বাস্তবতা?

পরিবারের দাবি, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে আসামির জামিনের পর এলাকায় তাঁর চলাফেরা এবং প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতার অভিযোগ খতিয়ে দেখা প্রয়োজন। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।

সন্তানকে আর ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। যে সন্তানকে ঘিরে একজন মায়ের অসংখ্য স্বপ্ন ছিল, সেই সন্তানকে হারিয়ে আজও বিচার পাওয়ার আশায় আদালতের দিকে তাকিয়ে আছেন তিনি। তাঁর একটাই আকুতি, সন্তান হত্যার বিচার যেন আর দীর্ঘসূত্রতায় আটকে না থাকে। দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আর কোনো মাকে যেন সন্তান হত্যার বিচার চেয়ে বছরের পর বছর এভাবে অপেক্ষা করতে না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *