স্টাফ রিপোর্টার:
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর RELI প্রকল্পের প্রায় ১,১৬৫ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিশ্চয়তা, স্থায়ী জনবল কাঠামো ও নতুন প্রকল্পে অভিজ্ঞ জনবলকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাব, ঢাকার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা শত শত কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে তাঁরা চাকরির মেয়াদ বৃদ্ধি ও হয়রানি বন্ধের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. আব্দুল লতিফ মিয়া।
মানববন্ধনে তাঁদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান ড. এটিএম মমতাজুল করিম। তিনি বলেন, দীর্ঘ ১৫ থেকে ২৫ বছর ধরে যাঁরা দেশের গ্রামীণ দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করেছেন, তাঁদের চাকরির নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। মানবিক দিক বিবেচনা করে সরকারকে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।
আরও বক্তব্য রাখেন শাহজাহান সিরাজ, এমদাদ হোসেন, আলী হায়দার, মনিরুজ্জামান, হাফিজ, বলরাম, ওমর ফারুক, শরিফুল, অমিত বাবু, সোহাগ, পারভেজ, তপন বাবু, সুমন, আমিনুল প্রমুখ।
বক্তারা বলেন, এসডিএফ বাংলাদেশের গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি প্রকল্পের মেয়াদ শেষ হওয়া মানেই তাঁদের কর্মজীবনের সমাপ্তি হতে পারে না।
মানববন্ধনে ঘোষিত চার দফা দাবি হলো:
১. অবিলম্বে (২৮ নভেম্বর ২০২৬-এর পূর্বে) চাকরির মেয়াদ বৃদ্ধি করতে হবে।
২. দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে অংশগ্রহণকারী সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে।
৩. নতুন প্রকল্পের ব্যবস্থা নিশ্চিত করে বর্তমানে কর্মরত, লে-অফ এবং কর্মবিরতিতে থাকা স্টাফদের কোনো ধরনের পরীক্ষা ছাড়াই নতুন প্রকল্পে সরাসরি নিয়োগ নিশ্চিত করতে হবে।
৪. উপরোক্ত দাবিগুলো বাস্তবায়ন নিশ্চিত করা না হলে চেয়ারম্যান ও এমডিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
এর আগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী মো. আব্দুল লতিফ মিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ১৩ দফা দাবি তুলে ধরা হয়। সেখানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসডিএফের জন্য বাস্তবসম্মত, টেকসই, অনুমোদিত ও স্থায়ী জনবল কাঠামো প্রণয়ন, বিদ্যমান দক্ষ ও অভিজ্ঞ জনবলকে অগ্রাধিকার দিয়ে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ, এক প্রকল্প থেকে অন্য প্রকল্পে পদায়নের মাধ্যমে চাকরির ধারাবাহিকতা নিশ্চিত করা, ল্যাপটপসহ সব ধরনের কেনাকাটায় অনিয়মের শাস্তি, পদোন্নতিতে স্বজনপ্রীতি বন্ধ, গ্রাম সমিতির জন্য বরাদ্দকৃত টাকা ফেরত নেওয়া বন্ধ, দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং এসডিএফের মালামাল বিক্রি বন্ধের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, তাঁরা কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা প্রশাসনিক দুর্বলতার পক্ষপাতী নন। বরং প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পক্ষে। ব্যক্তিবিশেষের অনিয়মের দায় সমগ্র কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপিয়ে দেওয়া কিংবা নিরপরাধ কর্মীদের হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পরিষদ মাননীয় অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সংশ্লিষ্ট সচিব এবং এসডিএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।
তাঁদের প্রত্যাশা—অভিজ্ঞ জনবলকে বাদ দিয়ে নয়, বরং তাঁদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এসডিএফের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করা হোক।