কামরুল ইসলাম:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। দিনব্যাপী অভিযানে তিনটি অবৈধ ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
অভিযানকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস (বিএসবি) এবং ইসলামপুর ইউনিয়নের গলাচিপা এলাকার মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-২) ও মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-৩)-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এসব ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভাটাগুলোর চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
পাশাপাশি রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের কর্মীদের সহযোগিতায় তিনটি ইটভাটার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এবং ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-০৭, চট্টগ্রাম আনসার সদর দপ্তর এবং রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশদূষণ রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।