মোহাম্মদ হাসান:
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের সিএমপি পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন তৎকালীন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী। ওই দিন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
পরদিন বুধবার (১১ নভেম্বর) তাঁকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লে তা অস্বীকার করেন ডিআইজি। তিনি জানিয়েছিলেন, অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পরে অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের আদেশে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।