আমিনুল ইসলাম মুকুল:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দোকানঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার মালামাল নিয়ে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ী ফজলুল হক। দোকানের ভেতরে থাকা মালামাল বের করতে না পারায় বন্ধ রয়েছে তাঁর ব্যবসা। অন্যদিকে, ২০ লাখ টাকা জামানত ফেরত না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি।
ভুক্তভোগী ফজলুল হক জানান, নাগেশ্বরী কলেজ মোড় সড়কের পাশে মাসুদসহ কয়েকজনের কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে ২০ লাখ টাকা জামানত দিয়ে দুটি দোকানঘর ভাড়া নেন তিনি। দোকান দুটির মাসিক ভাড়া নির্ধারণ করা হয় ১৩ হাজার টাকা। দোকানঘর বুঝে পাওয়ার পর সেখানে ‘হক টাইলস অ্যান্ড স্যানিটারি’ নামে ব্যবসা শুরু করেন। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে তিনি ওই দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
তবে গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে গফুর হাজি ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন দোকানঘরে তালা লাগিয়ে দেন বলে অভিযোগ করেন ফজলুল হক। এ সময় দোকানের ভেতরে প্রায় ৮০ লাখ টাকার টাইলস, স্যানিটারি সামগ্রীসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। হঠাৎ দোকান বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসা পরিচালনা তো দূরের কথা, নিজের মালামালও বের করতে পারছেন না তিনি।
ফজলুল হক আরও জানান, বিষয়টি দোকানঘরের মালিকপক্ষের মাসুদসহ অন্য অংশীদারদের জানালে তাঁরাও একই দোকানঘরে তালা লাগিয়ে দেন। পরবর্তীতে তিনি জানতে পারেন, দোকানঘরটি যে জমির ওপর নির্মিত, সেই জমি নিয়ে মাসুদ ও গফুর হাজিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাঁদের পারস্পরিক বিরোধের কারণে এখন বিপাকে পড়েছেন তিনি।
এ অবস্থায় জামানতের ২০ লাখ টাকা ফেরত চাইলে মাসুদ সাত দিনের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা করছেন বলে অভিযোগ করেন ফজলুল হক। একই সঙ্গে দোকানঘরে থাকা মালামাল বের করতে গেলে উভয় পক্ষের বাধার মুখে পড়তে হচ্ছে বলেও দাবি তাঁর।
দীর্ঘদিনের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় একদিকে যেমন আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে দোকানে আটকে থাকা বিপুল পরিমাণ মালামাল নিয়েও দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর। নিরুপায় হয়ে বিষয়টি নাগেশ্বরী থানা পুলিশকে অবহিত করেছেন তিনি।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বর্তমানে দোকানঘর তালাবদ্ধ থাকায় ভেতরে আটকে রয়েছে প্রায় ৮০ লাখ টাকার মালামাল। ব্যবসা বন্ধ থাকায় প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন ফজলুল হক। তাঁর দাবি, দ্রুত দোকানের তালা খুলে মালামাল উদ্ধারের ব্যবস্থা করা এবং চুক্তি অনুযায়ী জামানতের ২০ লাখ টাকা ফেরত পাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।