স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌন হয়রানি, বিদ্যালয়ের তহবিল আত্মসাৎ, মাসের পর মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনসহ নানা অভিযোগ উঠেছে ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন গুহের বিরুদ্ধে। তিনি উপজেলার বাজালিয়া ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সভাপতি।
তাঁর অপসারণের দাবিতে সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও সচেতন এলাকাবাসী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক রতন গুহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির অন্তত ১৪ থেকে ১৫ জন ছাত্রীকে যৌন হয়রানি করেছেন। তাঁর হয়রানি থেকে বিদ্যালয়ের একজন আয়াও রেহাই পাননি বলে অভিযোগ করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বছরের পর বছর বিদ্যালয়ের আয়-ব্যয়ের কোনো অডিট করা হয়নি। পতিত ফ্যাসিস্টের আরেক দোসরকে সভাপতি করে নিজের ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা করেছেন তিনি। অন্যান্য শিক্ষকের মতামত উপেক্ষা করে বিদ্যালয়কে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছেন বলেও স্মারকলিপিতে অভিযোগ করা হয়।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহ্বায়ক নেছার আহমদ বলেন, ৫ আগস্টের পর থেকে রতন গুহ পলাতক রয়েছেন। একটি চক্র তাঁকে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনতে ষড়যন্ত্র করছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রতন গুহ বিদ্যালয়ে ফিরলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
পরিষদের সদস্যসচিব মুজিবুর রহমান মেম্বার বলেন, রতন গুহের বিরুদ্ধে যৌন হয়রানির অডিও-ভিডিও, হোয়াটসঅ্যাপের এসএমএসসহ যাবতীয় প্রমাণ তাঁদের কাছে রয়েছে। এসব প্রমাণের কপি ইউএনওর কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসী তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, স্মারকলিপিটি জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।