কাঠালিয়ায় পাউবোর বেড়িবাঁধ নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

মোঃ ইমরান মুন্সি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার লঞ্চঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট দল। আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেলে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাঠালিয়া লঞ্চঘাট এলাকায় উপস্থিত হয়ে বেড়িবাঁধ নির্মাণকাজের বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং কাজের মান ও অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

এ সময় তদন্ত কার্যক্রমে দুদক টিমকে সার্বিকভাবে সহযোগিতা করেন কাঠালিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আবদুল হালিম ও কমিটির সদস্য অমিত হাসান তুহিন সিকদার। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বেড়িবাঁধ নির্মাণকাজে নিয়মনীতি উপেক্ষা করে নানা অনিয়ম ও নিম্নমানের কাজ করা হচ্ছে। মূলত সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই দুদকের এই ঝটিকা অভিযান ও তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।

এলাকাবাসীর প্রত্যাশা, নিরপেক্ষ এই তদন্তের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণকাজের প্রকৃত চিত্র ও অনিয়মের সত্যতা বেরিয়ে আসবে। কাজের সঙ্গে জড়িত কিংবা দায়িত্বে অবহেলাকারী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশা করছেন তারা। এ বিষয়ে দুদক দলের সুনির্দিষ্ট পর্যবেক্ষণ এবং আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *