মোঃ মাহমুদুল হাসান:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ২২৪ বোতল অবৈধ এস্কাফ সিরাপ, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা ও মোবাইল ফোনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
বুধবার (১৮ নভেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া ও নলডুবরী গ্রামে এসব অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. খোররাম ওরফে সুমন (২৯), একই এলাকার মৃত নিবারণ কর্মকারের ছেলে শ্রী প্রভাত কর্মকার (৪০) এবং নলডুবরী গ্রামের মৃত হরেন কর্মকারের ছেলে শ্রী পবন কর্মকার (৪০)।
এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এসআরবি-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শিবগঞ্জ থানার শাহবাজপুর এলাকায় অভিযান শুরু করে। সকাল সাড়ে ৭টার দিকে ডুলিপাড়া গ্রামে খোররাম ওরফে সুমনের বসতবাড়িতে অভিযান চালিয়ে সুমন ও প্রভাত কর্মকারকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে ১৭৩ বোতল অবৈধ এস্কাফ সিরাপ, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে একই ইউনিয়নের নলডুবরী গ্রামে দ্বিতীয় অভিযান চালানো হয়। এ সময় পবন কর্মকারকে তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে আরও ৫১ বোতল এস্কাফ সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেন অভিযানকারীরা।
এসআরবি-৫ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার তিনজন এবং উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।