ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২০

আমির হোসেন:

ঝালকাঠিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের হেলপার নিহত হন। একই দিন সকালে ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকায় ছাদ ঢালাইয়ের শাটারিং সামগ্রীবোঝাই একটি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হন।

দুপুর ১২টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহন ও কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কের বাঁকে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা বাসের চালক ও যাত্রীদের উদ্ধার করেন। নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে সকাল ৯টার দিকে ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকায় ছাদ ঢালাইয়ের শাটারিং সামগ্রীবোঝাই একটি ট্রাক উল্টে গেলে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস দুর্ঘটনায় নিহত হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *