সাংবাদিক আনান ও ফয়সাল সাগরকে মামলা থেকে অব্যাহতির দাবি চকরিয়া প্রেস ক্লাবের

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের চকরিয়ায় দুই গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁদের অব্যাহতির দাবি জানিয়েছেন সাংবাদিক পরিবারের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিক ইয়ার রহমান আনান ও ফয়সাল আলম সাগর দুজনই ধার্মিক, পরিচ্ছন্ন, সৎ, সাহসী ও চৌকস সাংবাদিক। তাঁদের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়েছে, তা তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন করা প্রয়োজন।

কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় সাংবাদিক পরিবার ক্ষুব্ধ। কক্সবাজারের পুলিশ সুপারের হস্তক্ষেপে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দুই পরিচ্ছন্ন সাংবাদিককে মিথ্যা ও ভিত্তিহীন মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সাংবাদিক সেলিমের মাধ্যমে জানতে পেরেছেন, গত ১৭ নভেম্বর রাত ৮টায় জনতা শপিংয়ে চকরিয়া প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চকরিয়া প্রেস ক্লাবের সহ-ক্রীড়া সম্পাদক, দৈনিক আলোকিত সকালের কক্সবাজার ব্যুরোপ্রধান এবং দৈনিক গণসংযোগের চকরিয়া প্রতিনিধি ইয়ার রহমান আনানকে হয়রানিমূলক মামলা থেকে মুক্তি ও অব্যাহতি দেওয়ার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে প্রেস ক্লাবের সহ-দপ্তর সম্পাদক ও দৈনিক নবচেতনার ভ্রাম্যমাণ প্রতিনিধি ফয়সাল আলম সাগরকেও মামলা থেকে অব্যাহতির দাবি জানানো হয়।

কামরুল ইসলাম অভিযোগ করেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সহসভাপতি ফরিদ আহমদ বাবুল ও এম রায়হান চৌধুরী, যুগ্ম সম্পাদক এইচএম রুহুল কাদের, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, প্রচার সম্পাদক রাজু দাশ, সহ-প্রচার সম্পাদক শফিউল করিম সবুজ, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক কফিল উদ্দিন এবং নির্বাহী সদস্য জহিরুল ইসলাম, আবদুল মতিন চৌধুরী ও আবদুল করিম বিটু।

এ ছাড়া সভায় সদস্য সাঈদুল হক চৌধুরী, রিদুয়ানুল হক, আরফাত ছানি, তানবীরুল ইসলাম, হোসাইন মুহাম্মদ সবুজ ও জিল্লুর রহমানসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক ইয়ার রহমান আনান ও ফয়সাল আলম সাগরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাঁদের অব্যাহতি দেওয়ার দাবি জানান। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো সাংবাদিককে হয়রানিমূলক বা অন্যায়ভাবে মামলায় জড়ানো হলে তা মেনে নেওয়া হবে না। সাংবাদিকদের বিষয়ে কোনো ভুল বোঝাবুঝি বা সমস্যার সৃষ্টি হলে তা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণভাবে নিষ্পত্তির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *