মোঃ আনজার শাহ
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করে বেরিয়ে আসছেন, অথচ তাঁদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে, যাতে তা প্রকৃত অর্থেই কার্যকর হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের জীবন, দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগে।
ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী–২০২৬ উপলক্ষে শুক্রবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের (সুমন), এমপি।
বক্তব্যের শুরুতেই রাষ্ট্রপতি ফিরে যান নিজের শিক্ষাজীবনের দিনগুলোতে। ঢাকা কলেজে কাটানো জীবনের নানা সময়ের স্মৃতিচারণ করে তিনি উপস্থিত সবাইকে নস্টালজিয়ায় ভাসিয়ে দেন। একই সঙ্গে এই শতবর্ষের বেশি প্রাচীন প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথাও তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন।
তিনি বলেন, ঢাকা কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি জাতির ইতিহাস, চেতনা, সংস্কৃতি ও অগ্রযাত্রার এক জীবন্ত প্রতীক। প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে একে এগিয়ে নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
শিক্ষাব্যবস্থার বর্তমান বাস্তবতা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূল ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে, কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষাব্যবস্থাটাকে সেভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে সেটা সত্যিকারার্থেই ইফেক্টিভ (কার্যকর) হয়।
তাঁর এই বক্তব্যে উঠে এসেছে দেশের তরুণ প্রজন্মের এক গুরুতর সংকটের চিত্র। সনদ হাতে নিয়েও চাকরির বাজারে প্রবেশের পথ খুঁজে পাচ্ছেন না অসংখ্য শিক্ষার্থী। শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যকার এই দূরত্ব ঘোচাতে শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আনার প্রয়োজনীয়তার ওপরই জোর দিয়েছেন রাষ্ট্রপ্রধান।
রাষ্ট্রপতি শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানোর আহ্বানও জানান। তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে দেশের চাহিদা, আধুনিক প্রযুক্তি ও ভবিষ্যতের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে, যাতে শিক্ষার্থীরা প্রকৃত দক্ষতা অর্জন করতে পারেন।
১৮৪১ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত ঢাকা কলেজ এ অঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। দীর্ঘ পথচলায় এই কলেজ দেশের রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রশাসনে অসংখ্য কৃতী সন্তানের জন্ম দিয়েছে।
‘নিজেকে জানো’ মূলমন্ত্রকে ধারণ করে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান আজও দেশের শিক্ষাঙ্গনের এক গুরুত্বপূর্ণ নাম। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সেই গৌরবময় উত্তরাধিকারকে নতুন করে স্মরণ করা হয়।
রাষ্ট্রপতি ঢাকা কলেজের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ও হোস্টেল সুবিধা নেই; একইসঙ্গে উন্নত লাইব্রেরি, গবেষণাগার ও কম্পিউটার ব্যবহারের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। শিক্ষার মানের দিক থেকে ঢাকা কলেজকে আবারও শীর্ষ অবস্থানে ফিরিয়ে আনতে হবে বলেও তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের অতিথিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, দক্ষতা বিকাশ ও দেশের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যই দেশের সাফল্য; তাঁদের স্বপ্ন, সাহস ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলেই বাংলাদেশ এগিয়ে যাবে।