শীতের নিঝুম রাতে জ্বলে উঠল ঘর, দুর্দশার পাশে ছুটে গেলেন বরুড়ার ইউএনও রনি

 

মোঃ আনজার শাহ

কুমিল্লার বরুড়ার ধনেশ্বর বড় বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সৃষ্ট ভয়াবহ আগুনে দুটি বসতঘর মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সংঘটিত এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি এক নিমেষে হারিয়েছে ঘরের নিরাপত্তা, সংসারের সব স্বস্তি আর শীতের রাত কাটানোর অবলম্বন। আকস্মিক বিপদে নেমে এসেছে চরম দুর্ভোগ, শোক ও অনিশ্চয়তা।

আগুনের খবর পাওয়ার পর কনকনে শীতের গভীর রাত উপেক্ষা করে ঘটনাস্থলে ছুটে যান বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে ধনেশ্বর বড় বাড়ির একটি ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের ব্যবধানেই শিখা ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। এক সময় দুটি বসতঘর জ্বলে ওঠে লেলিহান আগুনে।
আগুনের খবর পেয়ে ঘুম-ভাঙা স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। নিজেদের সর্বোচ্চ চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তত মুহূর্তে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পোড়া কাঠ, ভাঙা টিন আর ছাইয়ের স্তূপ দেখে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হতাশায় দিশেহারা হয়ে পড়েন।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাতের বিশ্রাম ত্যাগ করে ঘটনাস্থলে পৌঁছান ইউএনও আসাদুজ্জামান রনি। শীতের তীব্রতা উপেক্ষা করে তিনি পুড়ে যাওয়া ঘরগুলো ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।

এ সময় ইউএনও বলেন, আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ খবর পাই, ধনেশ্বর বড় বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করি। সেখানে দেখতে পাই, বৈদ্যুতিক কারণে আগুন লেগে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

তীব্র শীতের রাতে বসতঘর হারানো পরিবারটির কাছে প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এমন তাৎক্ষণিক উপস্থিতি কিছুটা স্বস্তির সৃষ্টি করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দুর্দিনে পাশে দাঁড়ানোর এমন মানবিক দৃষ্টান্ত এলাকায় ইতিবাচক সাড়াও ফেলেছে।
তবে পোড়া ঘর পুনর্নির্মাণ, শীতবস্ত্রসহ জরুরি সহায়তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসন এখন সময়ের দাবি। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের আশ্বাস যেন দ্রুত বাস্তবে রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *