মোঃ আনজার শাহ
সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, নিম্নমানের নির্মাণকাজ ও অর্থ অপচয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, সরকারি অর্থের অপচয় কিংবা নিম্নমানের কাজের সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে মিথ্যা অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার ভিত্তিতে কাউকে হয়রানি বা অন্যায়ভাবে শাস্তি দেওয়া হবে না।
গণপূর্ত অধিদপ্তরের কাজে গতি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কুমিল্লা ও বগুড়ায় নতুন জোন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের মান, অগ্রগতি ও ব্যয় সরেজমিনে যাচাইয়ের জন্য ৩০ সদস্যের একটি বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনাল কাঠামোয় নতুন গতি
মন্ত্রী বলেন, গণপূর্ত অধিদপ্তরের জোনাল অফিসগুলোর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিশেষ করে কুমিল্লা জোনের অধীনে একাধিক জেলা ও উপজেলা থাকায় প্রশাসনিক ও দাপ্তরিক কাজে বাড়তি চাপ তৈরি হচ্ছে। এ বাস্তবতায় কুমিল্লা ও বগুড়ায় নতুন জোন গঠন করা হলে মাঠপর্যায়ে তদারকি, প্রশাসনিক সমন্বয় ও প্রকল্প বাস্তবায়নের গতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
কাজের গুণগত মান ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে জোর দিয়ে মন্ত্রী জাকারিয়া তাহের জানান, ৩০ সদস্যের বিশেষ মনিটরিং ও অডিট প্যানেলের সদস্যদের মধ্য থেকে চার-পাঁচজনের আলাদা দল গঠন করা হবে। এসব দল দেশের বিভিন্ন জেলা ও উন্নয়ন প্রকল্পে আকস্মিক পরিদর্শনে যাবে। দলগুলো স্থায়ীভাবে নির্ধারিত থাকবে না; বিভিন্ন সময়ে বিভিন্ন দল মাঠে গিয়ে প্রকল্পের বাস্তব অবস্থা, নির্মাণকাজের মান, অগ্রগতি ও ব্যয়ের হিসাব যাচাই করবে।
মন্ত্রী বলেন, আকস্মিক পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের প্রকৃত চিত্র উঠে আসবে এবং অনিয়মের সুযোগ অনেকাংশে কমে যাবে। সরকারি উন্নয়নকাজে অবহেলা, দায়িত্বহীনতা কিংবা অর্থের অপচয় কোনোভাবেই বরদাশত করা হবে না।
আগামী দশ বছরের সুযোগ কাজে লাগানোর আহ্বান
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অর্থনীতি পুনর্গঠনে নিরলসভাবে কাজ করছেন। তাঁর নেতৃত্বে আগামী দশ বছর দেশকে এগিয়ে নেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশের সামগ্রিক চেহারা বদলে দেওয়া সম্ভব। এ লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সরকারি অর্থ মূলত জনগণের অর্থ। প্রতিটি উন্নয়ন প্রকল্পের সঙ্গে দেশের মানুষের শ্রম, ঘাম ও কষ্টার্জিত অর্থ জড়িয়ে আছে। তাই অপচয়, অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের কোনো সুযোগ নেই। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, প্রকল্পের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। নির্মাণকাজে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা অপরিহার্য। নিম্নমানের সামগ্রী ব্যবহার কিংবা কাজের মানে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্প যেন দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনে, সে বিষয়ে প্রকৌশলী ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় স্বাগত বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়াসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। সভায় অধিদপ্তরের চলমান কার্যক্রম, দায়িত্ব ও কর্মপরিধি, প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।