নড়াগাতিতে বীর মুক্তিযোদ্ধা ও স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাট

নড়াইল সংবাদদাতা:

নড়াইলের নড়াগাতি ও কালিয়া এলাকায় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নড়াগাতি থানার রামপুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ তরিকুল ইসলাম মন্নু এবং থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকারের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম ফরহাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল শেখের কবর জিয়ারত ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ কালিয়া ত্যাগ করেন। এর পরপরই বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জড়ো হয়ে এলাকায় হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

হামলাকারীরা নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ অন্তত দেড় শতাধিক বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ছাড়া রাত ৯টার দিকে বিক্ষুব্ধ জনতা নড়াগাতি থানার রামপুরা গ্রামে বীর মুক্তিযোদ্ধা শেখ তরিকুল ইসলাম মন্নু ও থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকারের বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় আশপাশের আরও ৬ থেকে ৭টি বাড়িতে লুটপাট চালানো হয়।

অন্যদিকে, বড়দিয়া বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুর রহমান ওসি খানের গোডাউন এবং আনিচ চৌধুরীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এসব ঘটনাকে কেন্দ্র করে কালিয়ায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। অন্যদিকে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *