কামরুল:
কক্সবাজারের টেকনাফে বড় ধরনের নাশকতা ও সম্ভাব্য প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পেয়েছে স্থানীয় বাসিন্দারা। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)-এর অভিযানে ১৩টি তাজা গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল উদ্ধার হওয়া গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস করেছে।
রোববার রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর টেকনাফ ক্যাম্প জানতে পারে, হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল তার সহযোগীদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প-২৭ সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে একটি ইজিবাইকে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে এসআরবি-১৫। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে রুবেল ও তার তিন-চারজন সহযোগী পালিয়ে যায়। এ সময় তারা ইজিবাইকের পেছনে একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে যায়।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে ৭টি সাধারণ গ্রেনেড, ৬টি এজিএল গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।
উদ্ধার হওয়া গ্রেনেডগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো সংরক্ষণ ও পরিবহনে বড় ধরনের দুর্ঘটনা এবং প্রাণহানির আশঙ্কা ছিল। এ পরিস্থিতিতে গ্রেনেডগুলো ধ্বংসের অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করে এসআরবি-১৫।
পরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫-এর নির্দেশে ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখার তত্ত্বাবধানে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়। অবশেষে শনিবার শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল অত্যন্ত দক্ষতার সঙ্গে উদ্ধার হওয়া গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময়োপযোগী পদক্ষেপ এবং সেনাবাহিনীর পেশাদারিত্বে টেকনাফে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে পলাতক রুবেল ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।