নেত্রকোনার কেন্দুয়ায় আব্দুস সাত্তার খান (রহ.)-এর স্মরণে ওরশ মোবারক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আশুলিয়া ইউনিয়নের ভূগিয়া গ্রামে আধ্যাত্মিক সাধক হযরত শাহ্ সুফি আব্দুস সাত্তার খান (রহ.)-এর স্মরণে পবিত্র ওরশ মোবারক শুরু হয়েছে।

মরহুম খাজালী খানের সুযোগ্য পুত্র হযরত শাহ্ সুফি আব্দুস সাত্তার খান (রহ.) মদনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সর্বত্যাগী আধ্যাত্মিক সাধক হিসেবে পরিচিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, ২২, ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬ ইং তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী এ ওরশ মোবারক চলবে।

ওরশ উপলক্ষে মাজার কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শরিফুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক আব্দুল হেলিম ভূঁইয়া। তাঁদের নেতৃত্বে স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে এ কমিটি পরিচালিত হচ্ছে।

ওরশ মোবারকে হযরত শাহ্ সুফি আব্দুস সাত্তার খান (রহ.)-এর ভক্ত, আশেকান, মুরিদানসহ বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিল ও জিকির অনুষ্ঠিত হয়। পরে রাতে আয়োজন করা হয় বাউল গানের আসর।

এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা দোকানপাট নিয়ে ওরশ প্রাঙ্গণে আসেন। ফলে পুরো এলাকা একপর্যায়ে উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং মানুষের মিলনমেলায় রূপ নেয়।

সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের প্রশ্নের জবাবে মাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, স্থানীয় সংসদ সদস্য, সরকারের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।

তাঁরা আরও বলেন, সবার সহযোগিতা ও দোয়া নিয়ে প্রতিবছর যেন এ পবিত্র ওরশ মোবারক আয়োজন করতে পারেন, সে প্রত্যাশা তাঁদের। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *