আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনকে চার থেকে সাত দিনব্যাপী বিমান হামলায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প।
বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত পুনর্গঠন এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে ইসরাইলি গোয়েন্দাদের সতর্কবার্তার পর নতুন সামরিক অভিযানের আলোচনা জোরালো হয়েছে।
ইসরাইলি গোয়েন্দাদের দাবি, ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সক্ষমতা পুনর্গঠনে অগ্রগতি অর্জন করেছে। পাশাপাশি দেশটির রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এসব তথ্য বিবেচনায় নিয়ে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি পর্যালোচনা করছে মার্কিন প্রশাসন।
মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক শক্তি মোতায়েন থাকাকেও সম্ভাব্য অভিযানের অনুকূল পরিস্থিতি হিসেবে বিবেচনা করছেন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা।
গত সপ্তাহে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান ওয়াশিংটন সফর করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান নিয়ে দুই দেশের আলোচনা আরও জোরালো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ইসরাইলি সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল শ্লোমি বিন্ডারও তাঁর মার্কিন প্রতিপক্ষদের সঙ্গে আলোচনায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
তবে নেতানিয়াহু ট্রাম্পকে হামলায় অংশ নিতে চাপ দিয়েছেন—এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন ইসরাইলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ইসরাইলি প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, নেতানিয়াহু সব সময় ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকেই গুরুত্ব দিয়ে আসছেন।
ট্রাম্প প্রশাসনের ভেতরে মতবিরোধ
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরেও মতপার্থক্য দেখা দিয়েছে। গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা এবং নতুন করে হামলা চালানোর প্রয়োজনীয়তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে ভিন্নমত রয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসনের একাংশ মনে করছে, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর মতো পর্যাপ্ত হুমকি এখনো তৈরি হয়নি। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর নতুন যুদ্ধ শুরু করার রাজনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে।
প্রায় আট মাস আগে শুরু হওয়া যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে ট্রাম্প শুরুতে যে দ্রুত বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা অর্জিত হয়নি। ফলে নতুন করে সামরিক সংঘাতে জড়ানো নিয়ে হোয়াইট হাউসের ওপর রাজনৈতিক চাপ তৈরি হয়েছে।
গত কয়েক মাসে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানেও পরিবর্তন দেখা গেছে। কখনো তিনি যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন, আবার কখনো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে নতুন হামলার সম্ভাবনা উন্মুক্ত রেখেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা থেকে সরে আসতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এর পরিবর্তে তেহরানকে পারমাণবিক কর্মসূচি ছাড়তে বাধ্য করতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ প্রয়োগের ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
তবে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা মনে করেন, ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। তাঁর দাবি, অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশলেই ইতোমধ্যে দেশটির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।
‘যেভাবেই হোক, বিষয়টির নিষ্পত্তি করব’
নতুন করে হামলার বিষয়টি বিবেচনার খবর এমন সময়ে সামনে এসেছে, যখন ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইরান পারমাণবিক কর্মসূচির বিকল্প হিসেবে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির বিষয়টি বিবেচনা করছে।
হোয়াইট হাউসের সংবাদদাতা জ্যাকি হেনরিখকে ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে এমন ইঙ্গিত রয়েছে যে ইরান গ্যাস ও জীবাণু অস্ত্র নিয়ে ভাবছে। কারণ, পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে আমরা তাদের আটকে দিয়েছি।’
তবে ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। ট্রাম্পের ভাষ্য, তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়। কিন্তু তিনি এমন একটি সমঝোতা চান, যা দীর্ঘস্থায়ী হবে।
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা রাখবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি বিষয়টির নিষ্পত্তি করব। শিগগিরই। যেভাবেই হোক, আমরা এর সমাধান করব।’
তাঁর এ বক্তব্যে কূটনৈতিক সমঝোতা নাকি নতুন করে সামরিক অভিযান—কোন পথে ইরান সংকটের অবসান ঘটাতে চান, তা স্পষ্ট হয়নি।
এদিকে ইরানবিষয়ক আলোচনা থেকে জেডি ভ্যান্সকে সরিয়ে দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নও নাকচ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ভ্যান্স ভালো কাজ করছেন।
সূত্র: নিউইয়র্ক টাইমস ও যুগান্তর