আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আসা সামরিক হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল মোস্তফা ইজাদি।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে তিনি বলেন, ভৌগোলিক সীমারেখা বিবেচনা না করে যেকোনো মাত্রা ও ধরনের হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দিতে সক্ষম ইরান।
মেজর জেনারেল ইজাদির দাবি, ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে, যা বিশ্বের বৃহত্তম সামরিক শক্তিকেও চ্যালেঞ্জ জানাতে পারে। ভবিষ্যতেও এই সক্ষমতা আরও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
শত্রুপক্ষের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী, এমনকি রেভল্যুশনারি গার্ডকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু শত্রুপক্ষের কোনো পরিকল্পনাই সফল হয়নি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে সংঘাত বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। গত সপ্তাহে ইরানের পার্লামেন্টের স্পিকার চলমান অচলাবস্থাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেন।
সূত্র: আল-জাজিরা