নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হচ্ছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

মোহাম্মদ হোসেন হ্যাপী:

শিশু-কিশোরদের মোবাইল ফোনের আসক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি উপজেলার ৬১ নম্বর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একটি পাঠাগারের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সদর সহকারী কমিশনার (ভূমি) আসমাউন হুসনা পিংকি, উপজেলা প্রকৌশলী আরাফাত ইয়াসির রুবেল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে উপজেলার ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই উদ্যোগের আওতায় প্রথম ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ চালু করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে এ পাঠাগার কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোন ও ডিজিটাল মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করছে। এ প্রবণতা কমিয়ে তাদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা এবং পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাঠাগারগুলো শিক্ষার্থীদের কল্পনাশক্তি, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শুধু বই পড়ার স্থান নয়, শিক্ষার্থীদের কৌতূহল ও সৃজনশীলতা বিকাশের আনন্দময় পরিবেশ হিসেবে গড়ে তোলা হচ্ছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে উঠবে এবং জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *