মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে—ফেসবুকে এমন প্রচারকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার বকুল। তাঁর অভিযোগ, দলের মধ্যে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টি করতেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চকরিয়া ও মাতামুহুরি উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে নারী নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া জেলা মহিলা দলের কোনো পূর্ণাঙ্গ কমিটিকে বৈধ বলে বিবেচনা করার সুযোগ নেই। অথচ একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ৫১ সদস্যের একটি তালিকা ছড়িয়ে দিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। এতে দলের সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার বকুল বলেন, প্রচারিত তালিকায় যেসব স্বাক্ষর ও অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো সঠিক নয়। এ বিষয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরাও এ ধরনের কোনো কমিটি অনুমোদনের বিষয়টি অস্বীকার করেছেন।
তিনি আরও বলেন, ‘আমি এখনো কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। কেন্দ্র থেকে অনুমোদিত নতুন কোনো পূর্ণাঙ্গ কমিটি এখনো আমাদের কাছে আসেনি। অথচ ফেসবুকে একটি তালিকা ছড়িয়ে দিয়ে নতুন কমিটি ঘোষণার প্রচার চালানো হচ্ছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তালিকা দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। কেন্দ্রীয় নির্দেশনা ও আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া কাউকে পদ-পদবি ব্যবহার না করার জন্যও তিনি আহ্বান জানান।
একই সঙ্গে ভুয়া কমিটির তালিকা প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে চকরিয়া ও মাতামুহুরির মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ফেসবুকে কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি দাবি করে একটি তালিকা ছড়িয়ে পড়ে। ওই তালিকায় সভাপতি হিসেবে চকরিয়ার হালেছা বেগম এবং সাধারণ সম্পাদক হিসেবে রামুর ফরিদা ইয়াছমিনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া টেকনাফের তসলিমা আক্তারকে সহসভাপতি দেখিয়ে তাঁকে অভিনন্দন জানিয়ে পোস্টারও প্রচার করা হয়। তবে সংবাদ সম্মেলনে জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার বকুল ও চকরিয়া-মাতামুহুরি উপজেলার নারী নেতৃবৃন্দ পুরো তালিকাটিকে ভুয়া ও বানোয়াট বলে দাবি করেছেন।