ধামরাইয়ের রাজাপুরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

অনলাইন ডেস্ক:

ঢাকার ধামরাই উপজেলার নিজ গ্রাম রাজাপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে অভিনেতা সোহেল খানকে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর রাজাপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে রাজাপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের প্রয়াত আতাউর রহমান খানের ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে ইউনিটের এক সদস্য তাঁকে বিছানায় পড়ে থাকতে দেখেন। ডেকে সাড়া না পেয়ে ওই সদস্য অন্যদের ডাকেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

সময় পেলেই গ্রামে ছুটে যেতেন

মঙ্গলবার বিকেলে সোহেল খানের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে খাটিয়ায় রাখা হয়েছে তাঁর মরদেহ। এ সময় আত্মীয়স্বজনের কেউ আহাজারি করছিলেন, কেউ আবার নীরবে দাঁড়িয়ে ছিলেন। অনেকে একে অপরের সঙ্গে তাঁর স্মৃতিচারণা করছিলেন।

সোহেল খানের ফুফাতো ভাই আবদুল আলীম খান সেলিম বলেন, ‘সোহেল গ্রামপাগল মানুষ ছিলেন। অনেক সময় তাঁকে বকাঝকা করেছি, কখনো রাগ করেননি।’

তাঁর ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খান বলেন, ‘সোহেল মামা আঞ্চলিক ভাষায় কথা বলা বা এলাকার যে রীতিনীতি, আচার-ব্যবহার—এগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। উনি একেবারেই সহজ-সরলভাবে আশপাশের লোকজনের সঙ্গে মিশতেন।’

গ্রামের সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় অংশগ্রহণ ছিল এই অভিনেতার। সময় পেলেই ছুটে যেতেন নিজ গ্রামে। তাঁর আত্মীয় ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘সম্পর্কে সোহেল খান আমার মামা হন। তিনি গ্রামের সামাজিক সব কাজের সঙ্গেই যুক্ত ছিলেন।’

সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি

সোহেল খানের মৃত্যু চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন ‘নসীব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান।

তিনি বলেন, ‘আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন।’

আরশাদ আদনান আরও বলেন, ‘তিনি আমাদের সিনিয়র শিল্পী, বড় ভাই ছিলেন। আমরা তাঁকে অনেক সম্মান করতাম। আমরা তাঁকে অনেক মিস করব। শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *