অনলাইন ডেস্ক:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবককে কার্যালয়ে আগুন দিতে দেখা গেছে।
খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা পুলিশ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। তিনি বলেন, রাতে আওয়ামী লীগের লোকজন দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
তবে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, কারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।