আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সঙ্গে একাধিক যুদ্ধে ভারতকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে ইসরাইল। বিশেষ করে ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সালের সংঘাতের সময় ইসরাইলের সহযোগিতা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও দৃঢ় করে। বিশ্লেষকদের মতে, এ সহযোগিতার ধারাবাহিকতাই বর্তমানে ভারত-ইসরাইল সামরিক সম্পর্কের অন্যতম ভিত্তি।
গাজায় সাম্প্রতিক যুদ্ধের পর বিশ্বজুড়ে ইসরাইলের বিরুদ্ধে সমালোচনা বাড়লেও ভারত দেশটির কাছ থেকে অস্ত্র কেনা অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা প্রযুক্তি, অস্ত্র সরবরাহে নমনীয়তা এবং প্রযুক্তি হস্তান্তরের আগ্রহ এ সম্পর্কের গুরুত্বপূর্ণ কারণ।
থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষক কবির তানেজা বলেন, প্রতিরক্ষা খাতই ভারত-ইসরাইল সম্পর্ককে এগিয়ে নিচ্ছে। তাঁর মতে, পশ্চিমা দেশগুলো সামরিক সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে নানা শর্ত আরোপ করলেও ইসরাইল ভারতের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি সরবরাহে তুলনামূলকভাবে আগ্রহী।
উদাহরণ হিসেবে তিনি রুশ নির্মিত আইএল-৭৬ বিমানে আগাম সতর্কীকরণ রাডার যুক্ত করার কথা উল্লেখ করেন। এ ছাড়া পাকিস্তান সীমান্তে ভারতের ব্যবহৃত ইসরাইলি ড্রোনের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে কেনা এমকিউ-৯ ড্রোনের তুলনা করেন তিনি। তাঁর মতে, মার্কিন ড্রোন ব্যবহারে বিভিন্ন বিধিনিষেধ থাকলেও ইসরাইলি প্রযুক্তি ব্যবহারে ভারত তুলনামূলক স্বাধীনতা পায়।
নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক নিকোলাস ব্লারেল ভারত-ইসরাইলের সামরিক আস্থার সূচনা খুঁজে পান ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে। তাঁর ভাষ্য, ভারতের পারমাণবিক পরীক্ষার পর অন্যান্য সরবরাহকারী দেশ নিষেধাজ্ঞা আরোপ করলেও ইসরাইল যন্ত্রাংশ ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছিল।
ব্লারেলের মতে, নিষেধাজ্ঞার মধ্যেও ইসরাইলের এ সহযোগিতা ভারতের রাজনৈতিক দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পাশাপাশি ইসরাইলি প্রযুক্তি ভারতের রুশ সামরিক সরঞ্জামের সঙ্গে সহজে সমন্বয় করা যায়। ইসরাইলি প্রতিষ্ঠানগুলো ভারতীয় কোম্পানির সঙ্গে প্রযুক্তি ভাগাভাগি ও যৌথভাবে কাজ করতেও আগ্রহী।
বর্তমানে ভারত শুধু অস্ত্র আমদানি নয়, নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে ইসরাইলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ ও ভারতে উৎপাদন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হায়দরাবাদে ইসরাইলি অস্ত্র কারখানার কার্যক্রমও এ উদ্যোগের অংশ হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকেরা।
এর আগেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়েছিল ইসরাইল। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ত্র সরবরাহ বন্ধ করলে ইসরাইল ভারতকে মর্টার সরবরাহ করে। ১৯৭১ সালের যুদ্ধের সময়ও ইসরাইল তৎকালীন ইরানের শাহ রেজা পাহলভির সরকারের জন্য নির্ধারিত অস্ত্র ভারতের কাছে সরবরাহ করেছিল। এসব সহযোগিতা দুই দেশের সামরিক সম্পর্ককে দীর্ঘমেয়াদে প্রভাবিত করেছে।