মিরপুর-১০ ফুটপাত থেকে ফের হকার উচ্ছেদ করল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক:

মিরপুর-১০ এলাকার ফুটপাত পুনরায় দখল করে বসা হকারদের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৫ নভেম্বর) ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির পরিচালনায় অভিযানে ফুটপাত দখল করে বসা হকারদের সরিয়ে দেওয়া হয়। এ সময় প্রশাসক বলেন, মিরপুরকে ফুটপাত দখলমুক্ত রাখতে ডিএনসিসির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছিল।

ডিএনসিসির মুখপাত্র মো. জাকির হোসেন বলেন, উচ্ছেদ অভিযানের পর গত কয়েক দিন ধরে কিছু লোক মিরপুরের বিভিন্ন ফুটপাতে আবার বসার চেষ্টা করছিলেন। বিষয়টি জানতে পেরে প্রশাসক নিজেই অভিযান পরিচালনা করেন। এতে মিরপুর-১০ এলাকার ফুটপাত আবারও হকারমুক্ত করা হয়েছে।

অভিযান চলাকালে প্রশাসক মিরপুর-১০ ফুট ওভারব্রিজের সংস্কারকাজ পরিদর্শন করেন এবং কাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *