মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে তারা মিয়া শেখ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী খোদেজা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর নাগরদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া শেখ ওই গ্রামের আয়নাল শেখের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, পারিবারিক বিষয় নিয়ে তারা মিয়া ও তাঁর স্ত্রী খোদেজা বেগমের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় তারা মিয়া লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। পরে খোদেজাও বাঁশের লাঠি দিয়ে স্বামীকে মারধর করেন। একপর্যায়ে তারা মিয়া মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাঁকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, তাঁর ছেলের স্ত্রী বাঁশ দিয়ে পিটিয়ে তাঁকে হত্যা করেছেন। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে দুজনের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে স্বামীর মৃত্যু হয়। এ ঘটনায় স্ত্রী খোদেজা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।