ধলেশ্বরী নদীর মাটি কাটার অভিযোগ আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইল সদর উপজেলায় ধলেশ্বরী নদীর মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি নদীটির বিভিন্ন স্থান থেকে মাটি কেটে বিভিন্ন প্রকল্পে বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে নদীর দুই পাড় ভাঙনের ঝুঁকিতে পড়ছে বলে দাবি তাঁদের।

অভিযোগ রয়েছে, টাঙ্গাইলের পুলিশ সুপার, জেলা প্রশাসন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে ফারুক হোসেন এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি বিএনপি-আওয়ামী লীগ বুঝি না। আমার কাছে টাকা আছে, টাকা দিয়ে সব কিনে ফেলি। তাছাড়া আমার পরিবারে লোকসংখ্যা অনেক। ধলেশ্বরী নদীর মাটি আমি সব কেটে বিক্রি করব, তাতে আপনার কী? আমার এখানে সংবাদকর্মীরা আসেন, রাজনৈতিক নেতারাও আসেন। কিছু দিয়ে তাঁদের বিদায় করি।”

এ বিষয়ে বক্তব্য জানতে টাঙ্গাইলের পুলিশ সুপারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। একইভাবে জেলা প্রশাসকের বক্তব্য জানার জন্য ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা বলেন, “ভাই, দীর্ঘ ১৭ বছর রাজনীতি করেছি, কিন্তু কিছুই পাইনি। এখনো কিছু পাওয়ার আশা নেই। অথচ বড় নেতারা এমন কোনো কাজ নেই, যা তাঁরা করেন না। এতে দলের বদনাম হয়, তারপরও তাঁরা এসব কাজ করে যাচ্ছেন।”

অন্যদিকে, ধলেশ্বরী নদীর পাড়ের বাসিন্দারা বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলেও দেখেছি নদীর মাটি কেটে উজাড় করা হয়েছে। বর্তমান সময়েও একইভাবে মাটি কাটা হচ্ছে। আমরা কী করব, ভাই? আমাদের তো কিছুই করার নেই।”

স্থানীয়দের দাবি, নদীর মাটি কাটা বন্ধ এবং নদীর দুই পাড় রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *