মোঃ আনজার শাহ
নতুন প্রজন্মের কাছে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন কবিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান, কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। তাঁর মতে, লোকসংস্কৃতি ও কবিগান বাঙালির নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালামের নারায়ণগঞ্জের বাসভবনে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. তামিজীর নেতৃত্বে কবিয়াল ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল সভায় অংশ নেয়।
সভায় কবিয়াল ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম, লোকসংস্কৃতির বিকাশ, কবিগানের পুনর্জাগরণ, সাহিত্য-সংস্কৃতির প্রসার এবং বাঙালির ঐতিহ্য সংরক্ষণসহ নানা বিষয়ে আলোচনা হয়।
কবি তামিজী বলেন, কবিগানের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং লোকজ সংস্কৃতির চর্চা বাড়ানো এখন সময়ের দাবি। তিনি মনে করেন, শিল্প-সংস্কৃতির বিকাশে রাজনৈতিক নেতৃত্ব, সাংস্কৃতিক সংগঠন ও সমাজের সংশ্লিষ্ট সবার সম্মিলিত অংশগ্রহণ জরুরি।
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
বক্তারা বলেন, কবিগান, লোকগান, পালাগানসহ লোকসংস্কৃতির নানা রূপ বাঙালির ইতিহাস, জীবন-জীবিকা, আবেগ ও মূল্যবোধের ধারক ও বাহক। এসব ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে উৎসাহিত করা, শিল্পীদের জন্য মঞ্চ তৈরি করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন কবিয়াল ফাউন্ডেশনের গভর্নর কবি বাপ্পি সাহা ও কবি ফরিদা ইয়াছমিন সুমনা প্রমুখ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দেশের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী দীর্ঘদিন ধরে সাহিত্য, সংস্কৃতি ও মানবাধিকার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তিনি জাতীয় সংস্কৃতি জোটের সভাপতি হিসেবে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন।