অক্সিজেন–হাটহাজারী সড়কে অবৈধ দখল: ফুটপাত দখলে বাস ও দোকানের দৌরাত্ম্য, পথচারীদের ভোগান্তি চরমে

মোঃ সোহেল:

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম অক্সিজেন মোড় থেকে হাটহাজারী যাওয়ার সড়কটি প্রতিদিনই তীব্র যানজট ও জনদুর্ভোগের নতুন রেকর্ড গড়ছে। বিশেষ করে অক্সিজেন মোড় ঘিরে ফুটপাতজুড়ে গড়ে ওঠা অবৈধ দোকানপাট এবং বিভিন্ন মালিক সমিতির টিকিট কাউন্টারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বহু পরিবহন দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলে চরম প্রতিবন্ধকতা তৈরি করেছে।

ফুটপাত দখল ও বাসস্ট্যান্ডের অবৈধ অবস্থানের কারণে পথচারীদের বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করতে হচ্ছে। এতে নিয়মিত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং সড়কে যানজট ঘণ্টার পর ঘণ্টা স্থবির করে দিচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

স্থানীয়রা অভিযোগ করেন, চট্টগ্রাম মহানগরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত উচ্ছেদ অভিযান চললেও অক্সিজেন মোড়—যা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র—সেখানে কোনো উল্লেখযোগ্য অভিযান দেখা যায়নি। ফলে দখলদারদের দৌরাত্ম্য আরও বেড়ে গেছে।

পথচারী মো. সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফুটপাত পুরোটা দখল হয়ে গেছে। দোকান, মালিক সমিতির স্ট্যান্ড, বাস—সবাই যেন এখানে নিজের রাজত্ব চালায়। আমরা হাঁটার জায়গাটুকুও পাই না। প্রশাসনকে অনুরোধ করি, এখানে কঠোর অভিযান চালানো হোক।”

আরেক ভুক্তভোগী গৃহবধূ রুমা আক্তার বলেন, “অক্সিজেনে নামলেই ভয় লাগে। ফুটপাত নেই, রাস্তায় গাড়ি—বাসের চাপে বাচ্চা নিয়ে চলাই দায়।”

সাধারণ মানুষের দাবি—ফুটপাত দখলকারীদের কঠোরভাবে উচ্ছেদ করে পথচারীদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হোক। পাশাপাশি বাস–মিনিবাস মালিক সমিতিগুলোর অনিয়ন্ত্রিত স্ট্যান্ড ব্যবস্থাপনাও দ্রুত শৃঙ্খলার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নগরবাসীর প্রশ্ন—চট্টগ্রামের অন্যান্য এলাকায় উচ্ছেদ অভিযান হলেও অক্সিজেন মোড়ে কেন কার্যকর পদক্ষেপ নেই?

প্রশাসনের প্রতি জনদাবি—দ্রুত ব্যবস্থা নিয়ে এই গুরুত্বপূর্ণ সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *