এ আর সুমন:
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় খান ঠাকুর দিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি লালন মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে লালন মিয়া এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে অষ্টগ্রাম থানা পুলিশ।
অষ্টগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের খাঁন ঠাকুর দিঘীর পাড় এলাকার পাক পাঞ্জাতন মাজারের সামনের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
আটককৃতরা হলেন— অষ্টগ্রাম সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাঁন ঠাকুর দিঘীর পাড় এলাকার মৃত আফতাব খাদেমের ছেলে মোঃ লালন মিয়া (৪৪), মিঠামইন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ তানভীর (২৩) এবং একই গ্রামের অহিদ মিয়ার ছেলে রিপন মিয়া (২৫)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক)/১৯(ক)/৩৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর ১৩, তারিখ ১৯/০৩/২০২৬। পরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খাঁন সাংবাদিকদের জানিয়েছেন, এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।