অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজারে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি।

আটকরা হলেন—উখিয়ার ১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের রুবালির ছেলে মো. উসমান বেলাল, ইউনুসের ছেলে মো. আনসার আলী এবং টেকনাফের ২৬ নম্বর ক্যাম্পের মোচনি ফয়েজ আহমদের ছেলে মো. মুসলিম।

আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি জি-৩ রাইফেল, একটি বড় দেশীয় একনলা বন্দুক, একটি ছোট দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, একটি ম্যাগাজিন, চার কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, একটি ইজিবাইক, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, হ্নীলা ইউনিয়নের লেদা বাজার অতিক্রম করে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তর করা হবে। এ তথ্যের ভিত্তিতে লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে সকাল ১০টার দিকে লেদা বাজার এলাকায় একটি ইজিবাইকে তিনজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা ইজিবাইকটি থামার সংকেত দেন। এরপর বিজিবির টহল দল মেটাল ডিটেক্টরের সাহায্যে ইজিবাইকে বহন করা বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করে।

পরে অধিকতর তল্লাশির জন্য ইজিবাইকসহ তিন ব্যক্তিকে লেদা বিওপিতে নেওয়া হয়। সেখানে ইজিবাইকটি তল্লাশি করে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় অস্ত্র, গোলাবারুদ, আত্মরক্ষায় ব্যবহৃত বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র বা টেজার, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *