অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার কি হারাম? জানালেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

পারফিউম বা সুগন্ধি ব্যবহার করা হালাল নাকি হারাম—এ নিয়ে মুসলমানদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করা যাবে কি না, তা নিয়েও অনেকের মনে সংশয় রয়েছে। এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শায়খ আহমাদুল্লাহর মতে, অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহারকে হারাম বা নাজায়েজ বলার পক্ষে যথেষ্ট যুক্তি নেই। তবে এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ এ ধরনের পারফিউম ব্যবহার নিষেধ করেন, আবার অনেকে তা ব্যবহারের অনুমতি দেন। তাঁর কাছে অনুমোদন দেওয়ার পক্ষের যুক্তি অধিকতর গ্রহণযোগ্য বলে মনে হয়।

তিনি বলেন, পারফিউমে ব্যবহৃত অ্যালকোহল এবং পানীয় বা মাদক হিসেবে ব্যবহৃত অ্যালকোহলের মধ্যে পার্থক্য রয়েছে। পারফিউমে ব্যবহৃত উপাদানকে তিনি একধরনের রাসায়নিক পদার্থ হিসেবে উল্লেখ করেন।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, পারফিউমে ব্যবহৃত অ্যালকোহল হারাম উপাদান থেকে তৈরি—এমন সিদ্ধান্তের পক্ষে সুস্পষ্ট প্রমাণ নেই। তা ছাড়া পারফিউম স্প্রে করার পর এর অ্যালকোহল বাষ্প হয়ে উড়ে যায়। এসব কারণে অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহারকে তিনি হারাম বা নাজায়েজ মনে করেন না।

তবে এ বিষয়ে যেসব আলেম নিষেধের মত দিয়েছেন, তাঁদের মত অনুসরণ করতে চাইলে সতর্কতামূলকভাবে নামাজের ঠিক আগে পারফিউম ব্যবহার থেকে বিরত থাকা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তিনি।

অন্যদিকে, আতর ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের মতভেদ নেই বলেও উল্লেখ করেন শায়খ আহমাদুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *