মোঃআনজার শাহ
কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে আগামী (৮ আগস্ট ২০২৬) সকাল থেকে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির ঢাকার বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত নিমন্ত্রণপত্রে এ আয়োজনের সময়সূচি ও অনুষ্ঠানের বিস্তারিত ঘোষণা করা হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠানের সূচি অনুযায়ী সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভার সমাপ্তির সাথে সাথেই দুপুর বারোটা এক মিনিটে নবনির্চিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হবে এবং একই কর্মসূচির অংশ হিসেবে মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন মহোদয়সহ সদ্য সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সহসভাপতিকে সংবর্ধনা প্রদান করা হবে। দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি রাখা হয়েছে। পরে দুপুর দুইটা একত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে এবং বিকাল পাঁচটায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
সমিতি সূত্রে জানানো হয়েছে, এই বার্ষিক আয়োজনটি ঢাকায় বসবাসরত বরুড়াবাসীদের মধ্যে বন্ধুত্ব ও ঐক্যের একটি উজ্জ্বল মিলনমেলা হিসেবে পরিচিত। আয়োজকরা সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টকে অনুষ্ঠানে উপস্থিত থেকে সমিতির ঐতিহ্য রক্ষণে ও নবনির্বাচিত নেতাদের উষ্ণ অভিষেকে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।
নিমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, সভা ও অভিষেকে অংশ নেওয়া সদস্য ও অতিথিদের সময় মোতাবেক উপস্থিত থাকার অনুরোধ রাখা হয়েছে। আয়োজকরা বলেন, এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা সমিতির কার্যক্রম শক্তিশালী করবে, নতুন উদ্যম যোগ করবে এবং ঢাকায় বসবাসরত বরুড়াবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে।