আখাউড়ায় ফের অবৈধ বেড়িবাঁধ নির্মাণ, পানি প্রবাহে বাধা—কৃষকদের চরম দুর্ভোগ

মোঃ বাদশা মিয়া:

আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বিজনা নদীর পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুনরায় অবৈধভাবে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, এলাকার চিহ্নিত ভূমিখেকো তরিকুল ইসলাম ও মজিবুর রহমান নিজেদের স্বার্থে নদীর ওপর বেড়িবাঁধ নির্মাণ করছেন। এতে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং আশপাশের কৃষিজমিতে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ধরখার ইউনিয়নের প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধরখার ব্রিজের পূর্ব পাশে সুপার ব্রিকস ফিল্ডের উত্তর-পূর্ব এলাকায় তিন ফসলি জমি বেকু দিয়ে কেটে একাকার করে ফেলা হচ্ছে। এতে কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, তরিকুল ইসলামের বড় ভাই ইউনিয়নের ক্ষমতাসীন একটি রাজনৈতিক দলের সভাপতি হওয়ায় তার প্রভাব খাটিয়ে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ফলে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

প্রান্তিক কৃষকেরা জানান, মাটি কেটে বহনের সুবিধার্থে বিজনা নদীর ওপর বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে, যাতে ড্রাম ট্রাক চলাচল করতে পারে। এর ফলে পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং কৃষকরা জমিতে সেচ দিতে পারছেন না।

উল্লেখ্য, কিছুদিন আগে আখাউড়া উপজেলা প্রশাসন অভিযোগের ভিত্তিতে এই বেড়িবাঁধ ভেঙে দিয়েছিল। কিন্তু আইনকে উপেক্ষা করে আবারও একই স্থানে নতুন করে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে।

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি তার নজরে এসেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *