আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৬ এপ্রিল ২০২৬) রাতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের নির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল উপজেলার বিশনন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মোঃ কালু হোসেন (৪৫), পিতা: ইমান উদ্দিন এবং জহিরুল ইসলাম (৪০), পিতা: মৃত সহিদুল্লাহ। তারা উভয়েই বিশনন্দী এলাকার বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

পরে তাদের দেহ তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আড়াইহাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গড়তে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *