আমরা কুঁড়ির দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা সমাপ্ত

স্টাফ রিপোর্টার:

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘শিশু আনন্দ মেলা’। এই মেলার অংশ হিসেবে শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘আমরা কেমন ঢাকা চাই’ শীর্ষক এক বিশেষ মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে কোচিং ক্লাস বন্ধের দাবিতে মানববন্ধনও করেছেন অভিভাবক ও শিশুরা।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মিলনায়তনে আমরা কুঁড়ি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এটি ছিল দুই দিনব্যাপী আয়োজিত মেলার সমাপনী বা দ্বিতীয় দিনের মূল আকর্ষণ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কারার ইবতিদা ইশরাক মৌমিতার সভাপতিত্বে এই মুক্ত আলোচনায় আরও অংশ নেন সাবেকুন নাহার রিভা, রুকাইয়া শবনম মোস্তারি, সৈয়দা তাহিয়া আন নূর, তাহিয়া হোসেন তুষ্টি, উম্মে মেহজাবিন রাইসা ও মোহাম্মদ ইহসান।

আলোচনা পর্ব শেষে শিশু সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়। পরে বিভিন্ন শিশু সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করা হয়।

এর আগে বিকেলে নগর ভবনের সামনে শিশু-কিশোর ও অভিভাবকদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাদের মূল দাবি ছিল, সাপ্তাহিক ছুটির দিনে শিশুদের জন্য কোনো ধরনের কোচিং ক্লাস রাখা যাবে না। তারা ‘শুক্রবার দিন কোচিং ক্লাস চাই না’ দাবিতে এই মানববন্ধনের আয়োজন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *