আব্দুর রশিদ:
আশাশুনিতে এক প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ইজিবাইকের পিছনে ধাক্কা দেওয়ায় ইজিবাইকের ড্রাইভারসহ চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার কোদন্ডা কেরানী মোড় নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, একটি যাত্রীবাহী ইজিবাইক প্যাসেঞ্জার নিয়ে শ্রীউলার দিকে যাচ্ছিল। কেরানী মোড়ের কাছে পৌঁছালে, পিছন দিক থেকে আসা প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কা মারায় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার প্রসূন কুমার মন্ডল জানান, প্রাথমিক চিকিৎসা শেষে প্রাইভেট কারের ড্রাইভার ফরহাদ সরদার (৩৮), হামিদা বেখম (৫৫) এবং আশরাফুল ইসলাম (৩২)কে সাতক্ষীরায় রেফার করা হয়েছে। এছাড়া কলিমাখালী গ্রামের মোঃ সাঈদ সরদার (৫২) বর্তমানে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ঢাকা মেট্রো-গ-২৫-৯১২৯ নম্বরের কালো রঙের প্রাইভেট কারটি থানায় হেফাজতে রাখা হয়েছে।
এই দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং নিরাপদ সড়ক ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা পুনরায় তুলে ধরেছে।