আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ৮ মৃত্যু, প্রিটি গ্রুপের ৬ জনের বিরুদ্ধে মামলা

সাভার প্রতিনিধি:

ঢাকার সাভারের আশুলিয়ায় প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অপরাধজনক নরহত্যার মামলা হয়েছে। মামলায় প্রিটি গ্রুপের দায়িত্বশীল ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অপরাধজনক নরহত্যার মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে কারখানা চত্বরে সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ঘটে। পরে আগুন আশপাশে থাকা আরও কয়েকটি সিলিন্ডারবাহী গাড়িতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত সাত থেকে আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের সময় কয়েকটি সিলিন্ডার ছিটকে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ গজ দূরের আবাসিক এলাকা ও বিভিন্ন ভবনের ছাদে গিয়ে পড়ে। কোনো কোনো সিলিন্ডার টিনের চালা ভেদ করে ঘরের ভেতরেও ঢুকে পড়ে।

এ ঘটনায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ছয়জন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে। এ ছাড়া অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের বাসিন্দাদের মধ্যে অনেকেই নিরাপদ স্থানে সরে যান। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় বিভিন্ন স্থাপনা ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, দুর্ঘটনার পর সিলিন্ডারগুলোর নিরাপত্তা ও ব্যবহারযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু সিলিন্ডারের গায়ে নির্দিষ্ট সময়ের পর ব্যবহার না করার সতর্কবার্তা লেখা ছিল বলে ঘটনাস্থল পরিদর্শনকারী সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঘটনার কারণ, সিলিন্ডারগুলোর মান ও মেয়াদ, নিরাপত্তাব্যবস্থা এবং কারখানা কর্তৃপক্ষের দায়িত্বে কোনো ধরনের অবহেলা ছিল কি না—এসব বিষয় মামলার তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হলেও তদন্তের স্বার্থে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি ছিল কি না, তদন্ত শেষে তা স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *