আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রমের ২৪তম ব্যাচের উদ্বোধন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুলিশ বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের ২৪তম ব্যাচের শুভ উদ্বোধন  (১০ জানুয়ারি ২০২৬, শনিবার) অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মাল্টিপারপাস হলে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “এবারের নির্বাচনে পুলিশের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে পুলিশ বাহিনীর গ্রহণযোগ্যতা এবং সুশাসনের ভাবমূর্তির উপর নির্ভর করবে জনগণের বিশ্বাস। তাই সকলকে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। আপনারা মনোযোগসহকারে প্রশিক্ষণ গ্রহণ করুন এবং নির্বাচনী দায়িত্ব পালনে সততা ও দায়িত্বশীলতা বজায় রাখুন।”

তিনি আরও বলেন, প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় আইনগত জ্ঞ্যান, সহমর্মিতা, জনসংযোগ দক্ষতা এবং সুষ্ঠু তদারকির কৌশল শিখবেন। প্রশিক্ষণ শেষে তারা বাস্তব পরিস্থিতিতে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন এবং সাধারণ জনগণের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন), জনাব ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এবং প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা। এছাড়া, প্রশিক্ষণার্থীদের মধ্যেও উজ্জীবিত মনোভাব, দায়িত্ববোধ এবং সততা বজায় রাখতে জেলার পুলিশ প্রশাসন বিশেষ দিকনির্দেশনা প্রদান করে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের নিরাপত্তা সংক্রান্ত নতুন নীতি, ভোটকেন্দ্র পরিচালনা, আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন, জনগণের সঙ্গে সহমর্মিতা এবং নির্বাচনী সহিংসতা প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। জেলা পুলিশ সুপার এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখার জন্য প্রতিটি সদস্যের আন্তরিক অংশগ্রহণের আহ্বান জানান।

প্রশিক্ষণ কার্যক্রম চলাকালীন পুলিশ সদস্যরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে এবং নির্বাচনী দায়িত্ব পালনে সক্ষমতা বৃদ্ধি পাবে। এই ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর তারা দেশের বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালন করবে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *