খুলনা প্রতিনিধি:
রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে উৎসাহ-তৎপরতা বেড়েছে। স্থানীয় সরকার নির্বাচনের আগাম প্রার্থিতা জাগিয়ে তুলছেন সম্ভাব্য বিভিন্ন দলীয় প্রার্থীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই খুলনার রূপসা উপজেলায় আগাম বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া। লক্ষ্য স্থানীয় উপজেলা নির্বাচন। আগামী নির্বাচন সামনে রেখে পুরো রমজান মাস ব্যস্ত সময় পার করার পর এক মাস সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা আরও বেশি নিজেদের জাগিয়ে তোলার চেষ্টা করছেন। ঈদ শুভেচ্ছার আড়ালে মূলত কৌশলে নিজেদের অবস্থান জোরদার করছেন তারা।
ঈদ শুভেচ্ছা, ঈদ উপহার প্রদানের মাধ্যমে তারা চালিয়ে নিচ্ছেন নির্বাচনি প্রচারণাও। সম্ভাব্য প্রার্থীদের ঈদ শুভেচ্ছার ব্যানার ও অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুকে চলছে তৎপরতা। এই তৎপরতায় এগিয়ে রয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রূপসায় বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজ নিজ অবস্থান সুসংহত করতে মাঠে নেমেছে। বিএনপির পক্ষ থেকে রূপসা উপজেলায় আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে একজন নেতার নাম আলোচনায় রয়েছে। দলীয়ভাবে শক্ত অবস্থানে আছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আতাউর রহমান রনু।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু বলেন, “ছাত্রদলের একটি ওয়ার্ড কমিটির কর্মী হিসেবে রাজনীতি শুরু করি। সবসময় নেতাকর্মীদের পাশে ছিলাম, এখনও আছি। পাশাপাশি আমি সবসময় বিভিন্নভাবে সেবা দিয়ে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তাছাড়া ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং বর্তমানে আহ্বায়কের দায়িত্ব পালন করছি। রাজনীতি করতে গিয়ে স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে বারবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। শারীরিক ও মানসিক নির্যাতনসহ মিথ্যা মামলায় বারবার কারাবরণ করেছি।”
আতাউর রহমান রনু নির্বাচনকে সামনে রেখে মানুষের দ্বারে দ্বারে গণসংযোগ করে দোয়া চাচ্ছেন। তিনি বলেন, তিনি নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হতে পারলে এমপির মাধ্যমে ১৮ বেকী নদী তালিমপুর থেকে সেতু নির্মাণের কথা থাকলেও তা আজও বাস্তবায়ন হয়নি। তিনি নিজ দায়িত্বে সেতু নির্মাণের অঙ্গীকার করেন। পাশাপাশি বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়নের কাজ করবেন বলেও জানান। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।