মোহাম্মদ হোসেন হ্যাপী:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মানবিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুর ২টায় সদর উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজউদ্দিন। তিনি অসহায় ও দরিদ্র মানুষের হাতে মানবিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান এবং ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া। তারা আরও বলেন, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।