জ্যেষ্ঠ প্রতিবেদক :
ইরান সরকারের আমন্ত্রণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইরান সফরে যাচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে। সফর শেষে তারা ৯ জুলাই দেশে ফিরবেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং ডা. এসএম খালিদুজ্জামান।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা এবং সংহতি প্রকাশের লক্ষ্যে প্রতিনিধিদলটি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবে।
সফরকালে সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।
দলটির আশা, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
একই সঙ্গে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানোর জন্য এবং সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ক্ষেত্রে ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।