ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযান নিয়ে ছড়ানো খবর গুজব: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের জলসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ।

রোববার (১৮ অক্টোবর) পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবি ছড়ানো হচ্ছে। তবে এর কোনো ভিত্তি নেই। উত্তর আমেরিকাভিত্তিক একটি অ্যাকাউন্ট থেকে প্রথমে এ তথ্য ছড়ানো হয়। পরে যাচাই-বাছাই ছাড়াই অন্যরা তা প্রচার করেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় তাদের তথ্য যাচাইসংক্রান্ত পেজে বলেছে, দেশটি নিজেদের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন নৌবাহিনীকে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর অনুমতি দিয়েছে—এমন দাবির কোনো সত্যতা নেই।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, মানুষের মধ্যে বিভ্রান্তি, ভুল ধারণা ও বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান তাদের বেলুচিস্তান প্রদেশ দিয়ে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য সাময়িকভাবে বন্ধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সিদ্ধান্তের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন সামরিক অভিযান নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।

তবে পাকিস্তান সরকার জানিয়েছে, দেশটির জলসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনীর অভিযান চালানোর খবরটি ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *