আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। সেখানে প্রশিক্ষণমূলক ফ্লাইট পরিচালনার সময় বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তারা দ্রুত বিমানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুর্ঘটনার পর বিমানে লাগা আগুন পাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কটি বন্ধ করে দেয় ইসরায়েলি পুলিশ। পরে জানা যায়, বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণমূলক ফ্লাইটে ছিল।
উদ্ধারকারীরা বিমান থেকে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
বিমানে থাকা অপর ব্যক্তি ভেতরে আটকা পড়েন। পরে উদ্ধারকারীরা তার মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনার পর বিমান বিধ্বস্তের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।