ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে যুবসমাজকে দেশ গঠন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুবসমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং পরিবেশ সংরক্ষণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার এবং ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, নেতৃবৃন্দ এবং তরুণ সমাজের প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজই দেশের প্রধান চালিকাশক্তি। তাদের মেধা, মনন, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে গড়ে তোলা সম্ভব একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ।