ঈদে নতুন সিনেমা ‘প্রেশার কুকার’, তিন নায়িকার গল্পে নারীর চাপ ও সংগ্রাম

স্বাধীন বিনোদন ডেস্ক: 

আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় পরিচালক রায়হান রাফী। ভিন্নধর্মী গল্প এবং সময়োপযোগী নির্মাণের জন্য পরিচিত এই নির্মাতা এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’। সিনেমাটিতে একসঙ্গে অভিনয় করছেন তিন জন শীর্ষ অভিনেত্রী – শবনম বুবলী, নাজিফা তুষি এবং মারিয়া শান্ত

‘প্রেশার কুকার’-এর গল্পের কেন্দ্রবিন্দু নারীর জীবনসংগ্রাম, সামাজিক চাপ এবং তাদের ভেতরের না বলা গল্প। নামের সঙ্গে সাযুজ্য রেখে সিনেমার গল্পে থাকবে চাপ, দ্বন্দ্ব এবং জীবনের বিভিন্ন বিস্ফোরণের উপমা। পরিচালক রায়হান রাফী বরাবরই সমসাময়িক বিষয়কে নাটকীয় ভঙ্গিতে পর্দায় তুলে ধরেন। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সিনেমার শুটিং ইতোমধ্যেই ঢাকায় শুরু হয়েছে। জানা গেছে, নাজিফা তুষি এবং মারিয়া শান্ত শুরুর দিক থেকেই শুটিংয়ে অংশগ্রহণ করছেন। অন্যদিকে শবনম বুবলী আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুটিংয়ে যুক্ত হবেন। বুবলীর অংশের শুটিং ঘিরে আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সিনেমার একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র নিয়েও চলছে তত্ত্বাবধান। শোনা যাচ্ছে, এই চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরী-কে। এই দুই জনপ্রিয় অভিনেতার যেকোনো একজনের যুক্ত হওয়া সিনেমাটিকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রায়হান রাফী বর্তমানে শুটিংয়ে ব্যস্ত থাকায় তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার সিনেমা মানেই দর্শকের প্রত্যাশা বেশি। ঈদের বড় উৎসবে তিন শক্তিশালী অভিনেত্রীকে একসঙ্গে নিয়ে নারীকেন্দ্রিক গল্পে তিনি কি নতুন চমক দেখান, সেটাই এখন কৌতূহল সৃষ্টি করছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *