স্পোর্টস ডেস্ক
মাত্র ১১ বছর বয়সেই এশিয়ান গেমসে সোনা জিতে আলোচনায় এসেছে জাপানের ইউকি কুরিহারা। ই-স্পোর্টসের পুইও পুইও চ্যাম্পিয়নসে সোনা জিতে গেমসের সবচেয়ে কমবয়সী খেলোয়াড়দের একজন হিসেবে নজর কেড়েছে সে।
ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাং দং-শিনের বিপক্ষে শুরুতেই ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েন ইউকি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১০-২ ব্যবধানে জয় তুলে নিয়ে সোনা নিশ্চিত করেন তিনি।
জয়ের পর ইউকি বলেন, ‘সত্যি কথা বলতে, আমার একটু লজ্জা লাগছিল, তাই আমি আমার মুখের ভাব খুব একটা বদলাতে পারিনি।’ সোনার পদক হাতে নিয়ে তিনি আরও বলেন, ‘আমি খুব খুশি। পদকটা সত্যিই সুন্দর, চকচকে আর ভারী।’
পুইও পুইও চ্যাম্পিয়নস একটি পাজল গেম। এতে খেলোয়াড়রা রঙিন বল একসঙ্গে জুড়ে দিয়ে স্ক্রিন থেকে সেগুলো সরিয়ে ফেলেন। ইউকি প্রথম শ্রেণিতে পড়ার সময় এই গেম খেলা শুরু করেন। পরে প্রতিযোগিতামূলকভাবে খেলায় অংশ নিয়ে একের পর এক সাফল্য পেতে থাকেন।
চলতি বছরের এপ্রিলে পেশাদার লাইসেন্স পান ইউকি। এরপর থেকেই তিনি নিয়মিতভাবে বড়দের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে সাফল্য পাচ্ছেন। এশিয়ান গেমসের আগে ইউকি জানিয়েছিলেন, স্কুল ও অতিরিক্ত ক্লাসের পাশাপাশি ই-স্পোর্টস চালিয়ে যাওয়া সহজ নয়। তবে খেলাটি তিনি উপভোগ করেন। গ্রীষ্মের ছুটিতে আরও অনুশীলন করে নতুন দক্ষতা অর্জনের পরিকল্পনাও করেছিলেন তিনি।
এশিয়ান গেমসের ইতিহাসে সবচেয়ে কমবয়সী পদকজয়ীদের বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য নেই। তবে ২০১৮ সালে জাকার্তায় ১২ বছর বয়সী ইন্দোনেশিয়ার বুঙ্গা নিমাস মেয়েদের স্কেটবোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। এর তিন বছর আগে হ্যাংজুতে ১৩ বছর বয়সী কুই চেনসি মেয়েদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে সোনা জিতেছিলেন।
সে হিসেবে ১১ বছর বয়সে ইউকির এই সাফল্য এশিয়ান গেমসে কম বয়সে সোনা জয়ের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।