মোহাম্মদ হোসেন সুমন:
মঙ্গলবার দিবাগত রাত ২:০০ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় সেনাবাহিনীর চৌকস দলের নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু প্রকাশ জুলু ডাকাতের পুত্র সন্ত্রাসী আমিন এবং তার দেহরক্ষী জানে আলমসহ অপর এক বাঙালিকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ইত্যাদি সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র প্রদর্শন ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার এবং অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে যৌথবাহিনী কর্তৃক ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি একে-২২ রাইফেল, ১টি দেশীয় পিস্তল, ২টি একনলা বন্দুক, ২টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি পিস্তল ম্যাগাজিন, ২টি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, ৮৯ রাউন্ড রাইফেল অ্যামুনিশন, ২টি কার্তুজ এবং ২টি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে সেনাবাহিনী এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।